সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তারাও মুক্তিযোদ্ধাদের মতো সম্মানী পাবেন।
শনিবার (১০ জানুয়ারি) নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দুলু বলেন, গত সতেরো-আঠারো বছর দেশে খেলাধুলাও রাজনীতিকরণ করা হয়েছিল। তখন আওয়ামী লীগপন্থি না হলে ভালো খেলোয়াড় হওয়ার পরেও ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টিমে অংশগ্রহণ করা যেত না।
তিনি আরও বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। তাই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে একজন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল খেলোয়াড় অবসর নিলে যেন সরকারি ভাতা পান, তার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, টুর্নামেন্টের আহ্বায়ক মো. বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান প্রমুখ।
এফআর