দেশের ১৩ জেলায় আরও অন্তত দুদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অদূরে উত্তর-পূর্ব শ্রীলংকা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সোম ও মঙ্গলবার (১২-১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ দুদিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এর মধ্যে সোমবার দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মঙ্গলবার দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গাসহ রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সোম ও মঙ্গলবারও শৈত্যপ্রবাহের এমন দাপট থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
আরআর