চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের রুইশ্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে জানে আলম, শাহ আলম, আবুল কালাম, মাহবুল আলম, শাহজান মাস্টার, আবদুল মোনায়েমের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৬ বসতঘর পুড়ে গেছে।
আরআর