দারুণ জয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখল বার্সেলোনা। জেদ্দায় রোববার রাতের ফাইনালে ৩-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।
টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপে রেকর্ড ১৬তম শিরোপা জিতল বার্সেলোনা। গত আসরের ফাইনালে কাতালান দলটি জিতেছিল ৫-২ গোলে।
গত মৌসুমে দুটি ফাইনালসহ রিয়ালের বিপক্ষে চারবারের দেখায় সবকটিতে জিতলেও, এই মৌসুমে প্রথম ক্লাসিকোয় অক্টোবরে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। এবার ভিন্ন প্রতিযোগিতা হলেও, সেই হারের ক্ষতেও প্রলেপ দিতে পারল তারা।
সেমি-ফাইনালের মতো ফাইনালেও জোড়া গোল করে বার্সেলোনার নায়ক রাফিনিয়া। তার গোলেই এগিয়ে যায় দল। ১৬ ম্যাচের গোল-খরা কাটিয়ে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র। পরক্ষণেই বার্সেলোনার দ্বিতীয় গোল করেন রবের্ত লেভানদোভস্কি। সেই গোল শোধ করে দেন গন্সালো গার্সিয়া। দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার দ্বিতীয় গোল গড়ে দেয় ব্যবধান।
ফেভারিট হিসেবে মাঠে নামা বার্সেলোনা ৬৮ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে। রিয়ালের ১২ শটের ১০টি লক্ষ্যে ছিল।
সময়ের আলো/এআর