ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হারের পরই জোর গুঞ্জন ওঠে, কোচের পদ থেকে বরখাস্ত হতে পারেন শাবি আলোনসো। এরপর গত রাতে বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও হেরে বসে রিয়াল মাদ্রিদ। আর তাতেই কপাল পোড়ে এই কোচের।
সোমবার (১২ জানুয়ারি) ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের সমঝোতায় শাবি আলোনসোকে সরানো হয়েছে।
রিয়াল এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ হিসেবে আলোচনসোর দায়িত্ব এখানেই ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। আলোনসো রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি এবং তিনি সবসময় ক্লাবের মূল্যবোধকে ধারণ করেছেন, তাই সমস্ত মাদ্রিদ ভক্তদের ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় তার সঙ্গে থাকবে। রিয়াল মাদ্রিদ চিরকালই তার ঘর হয়ে থাকবে।
জানা গেছে, গত বছরের ১ জুন আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের ডাগআউট বুঝে পান শাবি আলোনসো। এর আগে বায়ার লেভারকুসেনের হয়ে দারুণ সময় পার করেন তিনি। যেখানে ২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া ‘ডাবল’ (লিগ ও কাপ জয়) জেতার পাশাপাশি ইউরোপা লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন লেভারকুসেনকে। রিয়ালকে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পর তাঁর শুরুটা ছিল দারুণ। ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পায় রিয়াল। তবে এর মাঝে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হার বুঝিয়ে দেয় বাস্তবতা।
কিন্তু গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর শুরু হয় আলোনসোর বাজে সময়। পরবর্তী ৮টি ম্যাচের মধ্যে জয় আসে মাত্র ২টিতে। যদিও এরপর টানা ৫টি ম্যাচ জিতে আলোনসো ঘুরে দাঁড়িয়েছিলেন, কিন্তু ক্লাবের নীতি-নির্ধারকদের আশ্বস্ত করার জন্য যথেষ্ট ছিল না তা। এল ক্লাসিকোয় গতকাল ৩-২ গোলের হার, সব মিলিয়ে রিয়াল মাদ্রিদে শাবি আলোনসো অধ্যায়ের ইতি ঘটলো। তাই আলোনসো অধ্যায়ের শেষ টেনে আনল।
এদিকে, আলোনসোর বিদায়ের সঙ্গে নতুন প্রধান কোচ আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল। এর আগে রিয়ালের একাডেমির কোচ ছিলেন আলভারো।
সময়ের আলো/এসকে/ এফআর