আইন করে নিজেই ভাঙল জাবি প্রশাসন!

জাবি প্রতিনিধি

শিক্ষা

৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিজেদের প্রণীত আইন নিজেরাই লঙ্ঘন করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের

2026-01-13T14:49:47+00:00
2026-01-13T14:50:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
আইন করে নিজেই ভাঙল জাবি প্রশাসন!
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ২:৫০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর রাত পর্যন্ত কনসার্ট। ছবি: সময়ের আলো
৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিজেদের প্রণীত আইন নিজেরাই লঙ্ঘন করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ থাকলেও, সেই নিষেধাজ্ঞা অমান্য করেই বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত কনসার্ট চলেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাত ১০টার পরও গান-বাজনা চলতে থাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১১টা ২৭ মিনিটে) মঞ্চে সংগীত পরিবেশন অব্যাহত ছিল এবং আরও একটি ব্যান্ডের পরিবেশনা বাকি ছিল বলে জানা গেছে। 

অনুষ্ঠানে জাকসু নেতাদেরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

গত বছরের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ওই নির্দেশনা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, প্রশাসন নিজেই যখন নিজেদের জারি করা আইন ভঙ্গ করে, তখন সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম মানার প্রত্যাশা করা দ্বিমুখী নীতি ও দায়িত্বজ্ঞানহীনতার শামিল।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর রাতেও ক্যাম্পাসে উচ্চশব্দে গান পরিবেশনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। সেদিন সন্ধ্যায় “বাউলের দ্রোহ” নামে একদল শিক্ষার্থীর সংগীত আয়োজন শুরু হলে রাত ৯টার পর শব্দের কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছে— এমন অভিযোগ ওঠে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন দেখিয়ে প্রক্টরের নির্দেশে রাত দেড়টার দিকে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এ সময় আয়োজক ও প্রশাসনের মধ্যে বাগবিতণ্ডার ঘটনাও ঘটে।

এমএইচজে/


  বিষয়:   আইন  জাবি  লঙ্ঘন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: