পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে করে সায়েন্সল্যাব এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে। রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে বলে দাবি জানান তারা।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এটি প্রকাশ করা হয় গত বছরের ২৪ সেপ্টেম্বর। খসড়াটি প্রকাশের পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভার আয়োজন করে।
শিক্ষার্থীদের দাবি, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করেছে। সর্বশেষ গত বছরের ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সূত্রে জানা গেছে চলতি মাসের ১৫ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একইসঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক। এ অবস্থায় এক দফা দাবিতে ১৪ জানুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন হতে হবে। অন্যথায় এই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান শিক্ষার্থীরা।
আরআর