ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ছবি : সংগৃহীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০২৭ সালের ১৪ জানুয়ারি। এটিই বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের প্রথম চূড়ান্ত পরীক্ষার সময়সূচি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহিদুল্লাহর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সাতটি কলেজের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা-২০২৫ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে। তবে, পরীক্ষা শেষ হওয়ার সময় প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে ৩ নভেম্বর এবং ২০২৭ সালের ১৪ জানুয়ারি বিজ্ঞান অনুষদের গণিত নন-মেজর বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শেষ হবে।
রুটিনে ৭টি কলেজের বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, গণিত, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না। পরীক্ষার হলে বই, নোট বা অন্য কোনো লিখিত সামগ্রী বহন করাও নিষিদ্ধ। এ ছাড়া, প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে কলেজভিত্তিক পরীক্ষাকেন্দ্রের তথ্যও জানানো হয়েছে। ঢাকা কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ কেন্দ্রে। সরকারি তিতুমীর কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র সরকারি বাঙলা কলেজ। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজে। ইডেন মহিলা কলেজের পরীক্ষার্থীদের জন্য ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র কবি নজরুল সরকারি কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়া এবং পরীক্ষাসংক্রান্ত সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সময়ের আলো/মহু