চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই রাতের আধারে ভারত থেকে তাদেরকে বাংলাদেশের ভেতরে পাঠানো হয়।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার চাড়ালডাংগা এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ১৭ জনের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে। পাঁচ থেকে ছয় বছর ধরে তারা ভারতের আগ্রা জেলায় বসবাস করতেন। সেখান থেকে পুলিশ তাদের আটক করে। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। তারা ভারতের আগ্রা জেলায় বসবাস করতেন। সেখান থেকে পুলিশ তাদের আটক করে। প্রায় ৩ বছর কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, বিএসএফ সদস্যরা চাড়ালডাংগা সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে। তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে