সব দাবি মেনে নেওয়ার পরও মোবাইল ব্যবসায়ীদের চলমান আন্দোলন ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ফয়েজ আহমদ বলেন, দাবি মেনে নিয়েই মোবাইলের আমদানি শুল্ক ১০ শতাংশে নামিয়েছে সরকার। আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দামও অবশ্যই কমবে।
তিনি জানান, মোবাইল ফোনের দামে শুল্ক কমানোর ইতিবাচক প্রভাব পড়বে। কমদামে হ্যান্ডসেট বিক্রি মনিটরিং করবে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ব্যবসায়ীদের কাছে থাকা মুঠোফোনগুলোকে বৈধ করা হয়েছে, আগামী তিন মাস কোনো মুঠোফোন ব্লক হবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
এর আগে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হ্যান্ডসেট আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে সরকার।
এনবিআরের হিসাবে, শুল্ক কমানোর ফলে ৩০ হাজার টাকার বেশি দামের আমদানি হওয়া প্রতিটি মোবাইলের দাম সাড়ে ৫ হাজার টাকা কমবে। আর দেশে সংযোজিত ৩০ হাজার টাকা কম দামের প্রতিটি হ্যান্ডসেটের মূল্য কমতে পারে দেড় হাজার টাকা।
সময়ের আলো/এআর