কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫৮) নামে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হন তার ছেলে সেনাসদস্য নাজমুল ইসলাম (২৮)। তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় শহরের তারামন বিবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মহিউদ্দিন আহমেদের ছেলে। তিনি যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
জানা গেছে, নজরুল ইসলাম তার ছেলেকে নিয়ে মটরসাইকেলযোগে কুড়িগ্রাম শহর আসছিলেন। এ সময় তারামন বিবির মোড়ে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয় এবং তার ছেলে গুরুতর আহত হন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আআ