বাহরাইনের একটি বাসায় আসন্ন নির্বাচনের অনেকগুলো (১৬০টি) পোস্টাল ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই বিষয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (বাংলাদেশ নির্বাচন কমিশনে সংযুক্ত) উপপরিচালক মো. মামুন অর রশিদ বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানান, গত ১১ জানুয়ারি বাহরাইন প্রবাসী কয়েকজন ভোটার কর্মস্থলে থাকাকালীন বাহরাইন পোস্ট কর্তৃক ব্যালট খাম বিতরণের জন্য যোগাযোগ করা হলে তারা একই এলাকায় বসবাসকারী সহকর্মীর কাছে হস্তান্তরের অনুরোধ করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি সোশ্যাল মিডিয়াতে বাহরাইনে পোস্টাল ব্যালট-সম্পর্কিত একটি ভিডিও বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। এ বিষয়ে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি বাহরাইন প্রবাসী কয়েকজন ভোটার কর্মস্থলে থাকাকালীন বাহরাইন পোস্ট কর্তৃক ব্যালট খাম বিতরণের জন্য যোগাযোগ করা হলে তারা একই এলাকায় বসবাসকারী সহকর্মীর কাছে হস্তান্তরের অনুরোধ করেন। পোস্টম্যান উক্ত ব্যক্তির কাছে একই এলাকায় বসবাসরত ১৬০টি ব্যালট খাম বিতরণের জন্য হস্তান্তর করেন।
পরবর্তী সময় ভোটারদের নিকট হস্তান্তরের জন্য বাছাইকালে উক্ত ভিডিওটি ধারণ করা হয়। বিষয়টি বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের নজরে আসলে বাহরাইন পোস্ট ও সংশ্লিষ্ট বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হয়। এদিকে সংশ্লিষ্ট বাংলাদেশি অবিলিকৃত ১২৯টি খামসহ দূতাবাসে হাজির হয়ে বিতরণের জন্য সহযোগিতা কামনা করেন।
দূতাবাসের নির্দেশনা অনুযায়ী- খামসমূহ বাহরাইন পোস্ট ফেরত নিয়ে সংশ্লিষ্ট ভোটারদের নিকট আলাদাভাবে বিতরণের জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেয়।
উল্লেখ্য, এ ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃক কোনো খামই খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটিং কার্যক্রমের শুরু থেকেই নিবন্ধিত ভোটারদের স্ব স্ব ব্যালটপ্রাপ্তি, ভোটাধিকার প্রয়োগ ইত্যাদি বিষয়ে গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে সচেতন করার পদক্ষেপ চলমান রেখেছে। পাশাপাশি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল দূতাবাসকে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করার জন্য অনুরোধ করা হয়েছে।
সময়ের আলো/এসকে/