যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট (সাউথ) বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণের জন্য আমেরিকা আসবেন। তাকে বিমানবন্দরে এবং জাতিসংঘে ভাষণের সময় স্বাগত জানাতে দলের নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে।
সবাইকে নিউইয়র্কে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশনা দেন আনোয়ার হোসেন। তিনি বলেন, বিএনপির নেতা কর্মীদের এমন কাজ করা যাবে না যাতে দলের সুনাম ক্ষুন্ন হয়। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, ১৮ কোটি মানুষের সরকার।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির বিভিন্ন কর্মসূচি ও ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন নিউ জার্সি স্টেট বিএনপি সাউথ আমেরিকার সাধারণ সম্পাদক এম. রহমান বাবুল।
স্টেট বিএনপি (সাউথ) আমেরিকার ভারপ্রাপ্ত সভাপতি মো. দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচ. এম. রেজা ও সাখাওয়াত হোসেন।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জহিরুল ইসলাম বাবুল, নাসির উদ্দিন সিকদার, জহিরুল ইসলাম সেন্টুসহ স্টেট বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সময়ের আলো/এমকে