প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:০৭ এএম আপডেট: ২৮.১০.২০২৬ ৯:০৯ এএম
বাংলাদেশ দূতাবাস, প্যারিস। ছবি : সংগৃহীত ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের দূতাবাসের নাম ব্যবহার করে ফোন, ইমো ও হোয়াটসঅ্যাপে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। টিকা দেওয়ার সিরিয়ালের কথা বলে ফোনে ওটিপি নম্বর চাওয়ার অভিযোগও উঠেছে। এ পরিস্থিতিতে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) এ সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, মো: বাবুর ইসলাম চৌধুরী নামে জনৈক ব্যক্তি ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ফোন, ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে দূতাবাসের নাম দিয়ে ভ্যাকসিন বা টিকার সিরিয়ালের কথা বলে ফোনে ওটিপি নম্বর চাচ্ছেন মর্মে সংবাদ দূতাবাসের দৃষ্টি গোচর হয়েছে। এর প্রেক্ষিতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে যে, দূতাবাস টিকা বা ভ্যকসিন প্রদান সংক্রান্ত কোনো কর্মকান্ডের সঙ্গে জড়িত নয় এবং মো. বাবুর ইসলাম চৌধুরী নামে বাংলাদেশ দূতাবাস, প্যারিসে কোনো ব্যক্তি কর্মরত নন।
সতর্কবার্তায় আরও বলা হয়, ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদেরকে অনুরোধ করা যাচ্ছে যে, ফোনে কোনোভাবেই আপনার পাসপোর্টের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, এনআইডি নম্বর বা ওটিপি শেয়ার করবেন না। যে কোনো সন্দেহজনক নম্বর ব্লক করে দিন।
এ ছাড়া, দূতাবাসের নাম দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ফোন, ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে বিভিন্ন সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন বলে সংবাদ দূতাবাসের দৃষ্টি গোচর হয়েছে। দূতাবাস এই ধরনের কোনো কার্যক্রমে যুক্ত নয়। এই ধরনের প্রতারকদের কাছ থেকে সাবধান থাকার জন্য সকলকে পরামর্শ দেয়া যাচ্ছে।
পাশাপাশি এই বিষয়ক প্রতারকদের কার্যকলাপ সংক্রান্ত তথ্য দূতাবাসের ইমেইল
[email protected] এ জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
সময়ের আলো/মহু