মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমের পাদাং মেহায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ১৯৯ জন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া, চীনের ৩৯৬ জনসহ আরও কয়েকটি দেশের নাগরিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কেদাহ রাজ্য শাখার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন ভবনটিতে ‘অপস মেগা’ নামের এ অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসন বিভাগের গোয়েন্দা তথ্য ও বিশেষ অভিযান শাখার নজরদারির ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এতে বিভিন্ন শাখার ১৫৯ জন কর্মকর্তা অংশ নেন। তাদের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের আইন প্রয়োগ শাখা, গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা, বিশেষ কৌশলগত দল এবং কেদাহ, পারলিস, পেরাক, কুয়ালালামপুর ও নেগেরি সেম্বিলান রাজ্যের কর্মকর্তারা ছিলেন।
অভিযানের সময় মোট ৬৯৭ জন বিদেশি ও মালয়েশীয় নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে ৬২২ জন পুরুষ ও ৮ জন নারী।
আটক ব্যক্তিদের মধ্যে চীনের ৩৯৬ জন, বাংলাদেশের ১৯৯ জন, পাকিস্তানের ১০ জন, মিয়ানমারের সাতজন, ভারতের পাঁচজন, ঘানার চারজন, নাইজেরিয়ার তিনজন, কেনিয়ার দুজন, ইন্দোনেশিয়ার দুজন, নিউজিল্যান্ডের একজন এবং সেনেগালের একজন নাগরিক রয়েছেন।
বাংলাদেশিদের মধ্যে ১৯৮ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। চীনা নাগরিকদের মধ্যে ৩৯১ জন পুরুষ ও ৫ জন নারী। পাকিস্তান, মিয়ানমার, ভারত, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, নিউজিল্যান্ড ও সেনেগালের আটক ব্যক্তিরা সবাই পুরুষ। অন্যদিকে, আটক দুই ইন্দোনেশীয় নাগরিকই নারী।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, তদন্তে সাক্ষীদের সহায়তা নিতে ৬টি সমন জারি করা হয়েছে।
অভিযান চলাকালে কয়েকজন আটক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তাদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ স্থানে আশ্রয় নেন, এমনকি নির্মাণাধীন ভবনের ছাদেও উঠে যান। একপর্যায়ে একদল আটক ব্যক্তির উসকানিমূলক আচরণে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপঠিকাদারদের সতর্ক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের বৈধ ভ্রমণ নথি এবং অনুমোদিত পাস বা ওয়ার্ক পারমিট রয়েছে কি না, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিবাসন বিভাগের নির্ধারিত সব শর্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন কার্যকর করা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/মহু