প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার। ছবি : সংগৃহীতসেলাঙ্গর রাজ্যের মেরু এলাকার একটি অফিসে অভিযান চালিয়ে ২০টিরও বেশি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। এই পাসপোর্টগুলো সেখানে কেন রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম 'নিউ স্ট্রেইটস টাইমস'-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ এবং ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল (এমবিডিকে)।
প্রাথমিকভাবে এলাকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও সেখানে কর্মরত বিদেশি শ্রমিকদের পরিদর্শনের উদ্দেশ্যে এই অভিযান শুরু হয়েছিল। তবে তল্লাশির একপর্যায়ে একটি প্রতিষ্ঠানের পেছনের দিকে সন্দেহজনক একটি ঘরের সন্ধান পান কর্মকর্তারা। এরপর সেখানে তল্লাশি চালিয়ে একটি লকার থেকে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়।
সেলাঙ্গর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদ্দিন জানান, উদ্ধার হওয়া বিশের অধিক বাংলাদেশি পাসপোর্টের তথ্য যাচাই করে দেখা গেছে সেগুলো বৈধ।
তিনি বলেন, এভাবে পাসপোর্ট জমা রেখে আটকে রাখা অত্যন্ত সন্দেহজনক। এর পেছনের আসল কারণ খুঁজে বের করতে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ গভীরভাবে তদন্ত করবে। আমরা প্রতিষ্ঠানটির মালিককে তলব করার সিদ্ধান্ত নিয়েছি, যিনি সম্ভবত একজন বাংলাদেশি নাগরিক।
অন্যদিকে, অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানটি দেখভালের দায়িত্বে থাকা এক স্থানীয় মালয়েশীয় যুবককে পাওয়া যায়। তিনি দাবি করেন, মাত্র ৫০ রিঙ্গিতের বিনিময়ে তাকে সারাদিনের জন্য ওই দায়িত্ব দেওয়া হয়েছিল।
জানা গেছে, ওই প্রতিষ্ঠানে মোবাইল ফোন ও ঘরের আসবাবপত্র বিক্রির পাশাপাশি বাইসাইকেল মেরামতের কাজও করা হতো। অভিযুক্ত যুবক বলেন, আজকেই আমার এখানে কাজের প্রথম দিন। আমাকে কেবল আজকের দিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছিল। এই ঘরের ভেতরে কী আছে বা এর জন্য কে দায়ী, সে বিষয়ে আমি কিছুই জানি না।
সময়ের আলো/আতা