সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক প্রবাসী নারী ও তার কিশোর ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) রাতে আবুধাবির উপকণ্ঠে আল ওয়াথবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিবার ঘনিষ্ঠ সজল চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন অসীমা চৌধুরী (৪৮) ও তার ছেলে অরিত্র বিশ্বাস (১৫)। আহত ব্যক্তির নাম সৌরভ বিশ্বাস। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল গ্রামে।
সজল চৌধুরীর ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে সৌরভ বিশ্বাস পরিবারের সদস্যদের নিয়ে আল ওয়াথবা এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে আবুধাবি-আল আইন সড়কের আল ওয়াথবা এক্সিট-৪৭ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে সৌরভ বিশ্বাসের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার স্ত্রী অসীমা চৌধুরী ও ছেলে অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়।
খবর পেয়ে আবুধাবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় মাফরাক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সৌরভ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, দুর্ঘটনার সঙ্গে জড়িত নিশান সাফারি গাড়িটি জব্দ করেছে আবুধাবি পুলিশ। একই সঙ্গে গাড়িটির চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে নিহত মা ও ছেলের মরদেহ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি তদন্ত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ দুটি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
এই দম্পতির এক মেয়ে রয়েছেন। তিনি দুবাই নলেজ ভিলেজের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
সময়ের আলো/আতা