বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর এলাকায় ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মচারী শ্রাবণ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক মো. মিজানুর রহমান তাকে গ্রেফতার দেখাতে আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আবেদন মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মচারী মাহফুজ আলম শ্রাবণ। ওইদিন দুপুর আড়াইটার দিকে মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মাঝের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উপর আক্রমণ হয়। আসামিদের ছোড়া গুলি শ্রাবণের বুকের বাম পাশে লাগে। গুলিবিদ্ধ শ্রাবণকে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সময়ের আলো/জেডআই