রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আলতাফ হোসেন জানান, তাইজুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বর থানার আকন্দপাড়া গ্রামে। তারা দীর্ঘদিন ধরে মগবাজার মোড়ে এবিসি কোম্পানির নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করেন। তাইজুল মিস্ত্রীর সহযোগী ছিলেন। দুপুরে ১৩ তলা ভবনটির নিচে এক পাশে বালুর কাজ করছিল সে। হঠাৎ ভবনটির ৬ তলা থেকে সাটারিংয়ের লোহার পাইপ তার মাথার ওপর পড়ে। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে।
দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। লোহার পাইপটি কীভাবে নিচে পড়ল বা কেউ সেটি ওপর থেকে ছুঁড়ে ফেলেছে কি না, সেটি জানাতে পারেনি সহকর্মীরা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরআর