দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এদিন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। এর আগের দিন গতকাল বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩৫ জন। ফলে, চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১৫ জনে। এর আগের মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ৩১ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিল ৮ হাজার ৪৬৪ জন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, গত বছর ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪ জন। আর গত বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ২ হাজার ৮৬১ জনে। আক্রান্তের শীর্ষে ছিল বরিশাল বিভাগে। এই বিভাগে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৫১ জন।
সময়ের আলো/এনএ