কাতারে অনুষ্ঠিত হলো বাংলায় অনূদিত ‘বৈরিতা নয় বন্ধুত্ব’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। দেশটির উপপ্রধানমন্ত্রী ড. হামাদ বিন আব্দুল আজিজ আলকাওয়ারির লেখা বইটি বাংলায় অনুবাদ করেছেন তামীম রায়হান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কাতারের সাংস্কৃতিক নগরী কাতারায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলি খান, কাতারার মহাপরিচালক ড. খালেদ বিন ইবরাহিম আলসুলাইতি এবং বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য বিশিষ্টজনরা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ ফোরাম কাতারের সাবেক প্রেসিডেন্ট এবং আলি বিন আলি কোম্পানির সিএফও ইফতেখার আহমদ। পরে বইটি সম্পর্কে বিশদ আলোচনা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান।
মূল বক্তৃতায় বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন বইটির লেখক ড. হামাদ আলকাওয়ারি।
তিনি বলেন, ২০১৭ সালে ইউনেস্কোর মহাপরিচালক পদে নির্বাচনকালে আমার সফর করা ৮০টিরও বেশি দেশের মধ্যে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা এবং বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে। বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ হলেও এবার বাংলায় অনুবাদ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে আমি যেভাবে আনন্দিত, তা অন্য কোনো ভাষায় অনুবাদের বেলায় ঘটেনি।
অনুষ্ঠানে কাতারের উপপ্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশি কমিউনিটি নেতা এবং এএমপি গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতিন পাটোয়ারী। এ সময় বন্ধুসভা কাতারের পক্ষ থেকে মাননীয় উপপ্রধানমন্ত্রীকে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়।
পরে তার হাতে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে লেখা দুটি বই তুলে দেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, গবেষক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কাতার ন্যাশনাল লাইব্রেরির প্রেসিডেন্ট, সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী এবং জাতিসংঘ, ইউনেস্কো, যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থায় কাতারের সাবেক রাষ্ট্রদূত কাতারের উপপ্রধানমন্ত্রী ড. হামাদ আলকাওয়ারি।
সময়ের আলো/জেডআই