চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করার অভিযোগে উঠেছে। অভিযুক্ত স্বামী জসিম উদ্দিনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থানাধীন ১৪ নম্বর গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রী সালমা আক্তারের (৩৮) বাড়ি ভোলা জেলায়। অভিযুক্ত জসিমের বাড়ি চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায়।
স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধের জেরে রোববার সকালে স্ত্রী সালমা আক্তারকে ছুরিকাঘাত করে স্বামী জসিম উদ্দিন। খবর পেয়ে স্থানীয় লোকজন সালমাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনকে ধাওয়া দিয়ে আটকের পর মারধর করে স্থানীয় কয়েকজন। এতে আহত হন জসিম। খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশের একটি টিম ছুটে আসে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
চান্দগাঁও থানার এসআই নজরুল ইসলাম সময়ের আলোকে বলেন, পারিবারিক বিরোধের জেরে সালমা আক্তারকে ছুরিকাঘাত করে খুন করে স্বামী জসিম উদ্দিন। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ঘাতক জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে। বর্তমানে পুলিশের হেফাজতে আছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
এফআর