নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আজকের মতো প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৭টায় সাংবাদিকদের এ কথা জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক মনে করে সেগুলো পূরণের আশ্বাস দিয়েছে কমিশন। ফলে আমরা আজকের মতো কর্মসূচি স্থগিত করছি।
তবে আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে আবারও নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
এর আগে আজ সকাল থেকে ৩টি অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে ছাত্রদল।
দলটির অভিযোগগুলো হলো—
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চার জন্য অশনিসংকেত।
সময়ের আলো/এসকে/