নারায়ণগঞ্জ জেলায় তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় পাঁচটি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির সূত্রে এ তথ্য জানা গেছে।
রায়হান কবির বলেন, ‘বুধবার চূড়ান্ত এ ৪৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় যেতে পারবেন। তবে নির্বাচনী আচরণবিধি মানতে হবে প্রার্থীদের।’
তিনি বলেন, ‘মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এদিন, বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আ. কাইয়ুম শিকদার, নারায়ণগঞ্জ-২ আসনে একই দলের প্রার্থী মো. আবুল কালাম দুলাল এবং নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ইলিয়াস আহমেদ তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।’
চূড়ান্ত প্রার্থীদের মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ-১ আসনে ৭ জন, নারায়ণগঞ্জ-২ আসনে ৬ জন, নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ জন, নারায়ণগঞ্জ-৪ আসনে ১৩ জন এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ১০ জন।
সময়ের আলো/কেএইচও