ব্রিটিশদের অনুসরণে বাংলাদেশে গাড়ি বাঁ দিক থেকে চালানো হয়। যদিও আমেরিকা বা যুক্তরাষ্ট্রে গাড়ি চালানো হয় ডান দিক থেকে। ব্রিটেন, বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ড, জাপান, কিছু আফ্রিকান ও ক্যারিবীয় দ্বীপ দেশেও বাঁ দিকে গাড়ি চালানো হয়। বিশ্বের জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ এই কাজ করে।
লন্ডনভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসি আমেরিকার মতে, একসময় প্রায় সবাই রাস্তার বাঁ দিকে চলাচল করত। বর্তমান গাড়ির চাকার পরিবর্তে তখন ছিল চার পা। ঘোড়া বা এ রকম পশু ছিল যানবাহন। মধ্যযুগে যুদ্ধ হতো ঘোড়ায় চেপে তলোয়ার দিয়ে। তলোয়ারধারীদের বেশির ভাগ মানুষ ছিল ডানহাতি। আর যুদ্ধে তলোয়ারের ব্যবহারকে নিরাপদ করতেই চলার দিকের এ পরিবর্তন ঘটায় ব্রিটিশরা।
ইতিহাস থেকে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বেশিরভাগ যোদ্ধা ডানহাতি হবার কারণে খোলার সুবিধার্থে তলোয়ারের খাপ বিপরীত পাশ অর্থ্যাৎ বাঁ পাশেই ছিল। বাঁ পাশে খাপ থাকলে অন্য ঘোড়ার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা নেই। এ ক্ষেত্রে রাস্তার বাঁ পাশ দিয়েই চলাচল করতে হবে। তাদের ডান হাত দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রতিপক্ষকে হাতের কাছে রাখার প্রয়োজন হতো।
যদিও ১০ থেকে ১৫ শতাংশ বাঁহাতি নাইটদের (ব্রিটিশ যোদ্ধা) এ কারণে বিপদে পড়তে হয়েছিল। তাদের প্রচুর প্রশিক্ষণ নিতে হতো ডান হাতে একইভাবে তলোয়ার ব্যবহারে দীক্ষিত করার জন্য। বাঁ দিক দিয়ে ঘোড়ায় চড়া ও নামাও সহজ ছিল। তো ঘোড়ায় চড়ে বসা এবং ঘোড়া থেকে নামতে বাঁ পাশ নিরাপদ। অন্য ঘোড়ার সঙ্গে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এতে কমে যেত। রাস্তার মাঝখানের তুলনায় রাস্তার পাশ নিশ্চয়ই নিরাপদ ছিল।
পরবর্তীতে, ১৭০০ দশকের শেষের দিকে ফঁরাসি বিপ্লবের পর ইউরোপের কিছু দেশে বাঁ পাশে চলাচল আবার পরিবর্তিত হয়। শ্রমিক শ্রেণির অধিকারকে গুরুত্ব দিয়ে বিপ্লবীরা রাজা ষষ্ঠদশ লুইয়ের জারি করা নিয়মের বিরোধিতা করা আবশ্যক মনে করেন। তখন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে কৃষিপণ্য পরিবহনের জন্য বেশ কয়েক জোড়া ঘোড়া দিয়ে বড় ওয়াগন টানার কাজে ব্যবহার করা হতো। ওয়াগনের ভেতরে চালক থাকার সুযোগ ছিল না। চালক বসতেন পেছনের বাঁ ঘোড়ার পেছনে ওয়াগনের সামনের সিটে। তার ডান হাত ঘোড়া চালানোর জন্য চাবুক ব্যবহার করতে মুক্ত থাকার প্রয়োজন ছিল।
যেহেতু তিনি বাঁ দিকে বসেছিলেন, তিনি চেয়েছিলেন অন্য ওয়াগনগুলো যেন তার বাঁ দিকে চলে যায়। যেমন আমাদের দেশের গাড়ি চলে বাঁ পাশে। কিন্তু চালক বসেন গাড়ির ডানে। চালকের ডান দিক দিয়ে অন্যান্য গাড়ি চলে যায়। ওয়াগনের চালক বাঁয়ে থাকায় চালক চেয়েছিলেন অন্যান্য ওয়াগন যেন তাঁর বাঁয়ে থাকে। এতে অন্যান্য ওয়াগনের সঙ্গে বেধে যাওয়ার আশঙ্কা কমে যায়। কারণ, চালকের পাশ দিয়ে ওয়াগন গেলে চালক ভালোভাবে অন্য ওয়াগনের পাশ দেখতে পারেন। এ ভেবেই চালকেরা রাস্তার ডান দিকে নিজের ওয়াগন চালিয়েছিলেন।
ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ডানে গাড়ি চালানো শুরু করলেও ব্রিটিশ সরকার নিজেদের গাড়ি চালানোর উপায় বাদ দিতে অস্বীকার করে। ১৭৭৩ সালে সাধারণ হাইওয়ে আইন (কমন হাইওয়ে ল) চালু করে। সরকার তখন বাঁ দিকে গাড়ি চালানোকে উত্সাহিত করে। পরে ১৮৩৫ সালে হাইওয়ে অ্যাক্টের জন্য ইংল্যান্ডে আইন করা হয়েছিল।
সূত্র : রিডার্স ডাইজেস্ট
/এমএইচআর