সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা ইতোমধ্যে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন।
সিলেটের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বেলা সাড়ে ১১টার পর সভামঞ্চে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই জনসভা আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি সকাল ১০টা ৫৪ মিনিটে সভাস্থলে পৌঁছান। অনুষ্ঠান সঞ্চালনা করছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
জনসভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এহসান। তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান। মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি (এষ) বলেন, আজকের দিনটি আমাদের কাছে স্বপ্নের মতো। আমাদের স্বপ্ন ছিল দলের চেয়ারম্যানকে নিয়ে সিলেটে জনসভা করা। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন নতুন স্বপ্ন দেখার সময় এসেছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে নতুন স্বপ্ন বাস্তবায়ন হবে।
সকাল থেকেই বিভিন্ন মিছিল নিয়ে জনসভায় বিএনপির নেতা–কর্মীরা উপস্থিত হন। মঞ্চে আছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর, সিলেট–২ আসনের তাহসিনা রুশদী এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংসদ প্রার্থীরা। এছাড়া সিলেট জেলা ও মহানগরের নেতারা ও স্থানীয় নেতা–কর্মীরাও উপস্থিত রয়েছেন।
জনসভায় যোগ দিতে বুধবার রাত ৮টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছান। তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং হজরত শাহজালাল দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। এরপর দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান, যেখানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন। এছাড়া সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জুবাইদা রহমানের প্রয়াত পরিবারের সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শ্বশুরবাড়ি থেকে সিলেট বিমানবন্দর সংলগ্ন হোটেলে ফেরেন।
আলিয়া মাদ্রাসা মাঠ বিএনপির রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯১ সালের পর থেকে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাধিকবার এই মাঠে জনসভা করেছেন। সেই ধারাবাহিকতায় এবার একই মঞ্চে দাঁড়াবেন তারেক রহমান।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেটের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাড়তি আবেগ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সূত্রে বলা হয়েছে, এই জনসভা থেকে জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে। শান্তি ও গণতন্ত্রের বার্তার পাশাপাশি নতুন রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিতও মিলতে পারে।
সমাবেশ উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তারেক রহমানের এই সফরকে ঘিরে সিলেট এখন উৎসবমুখর। নেতাকর্মীদের প্রত্যাশা, এই সফর সিলেটের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং তৃণমূল পর্যায়ে আস্থার বার্তা পৌঁছে দেবে।
/ইউএমএইচ