মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের মূল দিকগুলো আলোচনায় প্রাধান্য পায়। যার মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গাদের প্রতি সহায়তা, ভিসা বন্ড সহ অভিবাসন এবং যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশীদের প্রত্যাবর্তন, বাংলাদেশে আমেরিকান ব্যবসা ও বিনিয়োগ, পাশাপাশি আঞ্চলিক পর্যায়ের উদ্বেগ উল্লেখযোগ্য।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বাংলাদেশে নতুন আমেরিকান দূত হিসেবে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনকে স্বাগত জানান। এমন সময়ে নিরাপত্তা উপদেষ্টা ঢাকায় রাষ্ট্রদূতের পূর্ববর্তী মেয়াদ এবং ওয়াশিংটন ডিসিতে মার্কিন সরকারের বিভিন্ন পদে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। জাতীয় নিরাপত্তা আশা প্রকাশ করেন যে তার বর্তমান মেয়াদে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি আসন্ন নির্বাচন এবং বিস্তৃত সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।
এ সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএ