রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় ট্রাক ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীসহ দুজন মারা গেছে। তারা হলে শিক্ষার্থী খাইরুল হোসেন কামরুল(২১) ও তার বন্ধু মো. ইয়াসিন (২৫)।
শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শনির আখড়া ওভারব্রিজের নিচে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১১টার দিকে খাইরুলকে মৃত ঘোষণা করেন। এবং রাত সাড়ে ১২টার দিকে মারা যায় ইয়াসিন।
উদ্ধারকারী দলে থাকা পথচারী মাহাদী ইসলাম জানান, রাতে শনির আখড়া ওভারব্রিজের নিচে জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি দুজন আহত অবস্থায় পড়ে আছে। পরে তাদের দুজনকে সিএনজিযোগে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা হয়। ট্রাকটি যাত্রাবাড়ি থানা পুলিশের হেফাজতে আছে।
খাইরুলের ভগ্নিপতি মো. মোহসীন জানান, খাইরুলের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামে। বর্তমানে পূর্ব ভাষানটেক দীন মোহাম্মদ কলোনিতে পরিবারের সঙ্গে থাকতো সে এবং ভাষানটেক সরকারি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
তিনি আরও জানান, সকালে খাইরুল ও তার বন্ধু ইয়াসিন মোটরসাইকেলে করে লক্ষীপুর গিয়েছিল বিয়ের দাওয়াত খেতে। মোটরসাইকেলটি ছিল ইয়াসিনের। ইয়াসিনের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর থানার চরবংশী গ্রামে। বর্তমানে ভাষানটেক এলাকায় থাকতো এবং পেশায় মোটরসাইকেল ব্যবসায়ী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
/এমএইচআর