রাজধানীতে নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নের ওপর ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশের ডেভেলপার কোম্পানিগুলোর বাণিজ্যিক সংগঠন, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়।
আদেশে জানানো হয়েছে, বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিদ্যুৎ লাইন, পানির সংযোগ কিংবা অন্য কোনো ইউটিলিটি সেবা বন্ধ করা যাবে না এবং বিদ্যমান অবস্থার ওপর স্থিতাবস্থা বজায় রাখতে হবে।
আদালতে রিহ্যাবের পক্ষ থেকে বলা হয়, রাজধানীতে নির্মাণাধীন ও আংশিক নির্মিত ভবনে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হলে বড় ধরনের মানবিক ও আর্থিক সংকট তৈরি হবে। এসব ভবনে বসবাসরত পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রা পানি ও বিদ্যুতের ওপর নির্ভরশীল। বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ছয় মাসের জন্য সংযোগ বিচ্ছিন্ন না করার নির্দেশ দেন।
আদালতকে রিহ্যাব জানায়, গত কয়েক মাসে রাজউক, ডেসকো, ডিপিডিসি ও অন্যান্য বিদ্যুৎ বিতরণ কোম্পানির সহায়তায় রাজধানীর বিভিন্ন নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবন থেকে প্রায় ১২০০টির বেশি বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে বহু নির্মাণ প্রকল্প কার্যত বন্ধ হয়ে পড়েছে।
এতে নির্মাণকাজ স্থবির হয়ে যায়, শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মীরা বেকার হয়ে পড়েন এবং ফ্ল্যাট হস্তান্তরের প্রক্রিয়া ব্যাহত হয় বলে রিটে উল্লেখ করা হয়। পাশাপাশি ডেভেলপারদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এসব পরিস্থিতি তুলে ধরেই রিহ্যাব আদালতের শরণাপন্ন হয়। তারপর শুনানি নিয়ে এ আদেশ দেয় আদালত।
সময়ের আলো/কেএইচও