বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক এবং সচিবালয়ের একজন কর্মচারীকে আইনের আওতায় আনা হয়েছে। আটককৃতদের মধ্যে মো. আলিফ শরীফ ও মো. দিদারুল আলমকে ১ মাসের কারাদণ্ড এবং মো. আশিককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগে মো. আলিফ শরীফ ও মো. আশিক নামের দুইজন ব্যক্তিকে আটক করা হয়। তারা সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার সই জাল করে অবৈধ পাস তৈরি করে সচিবালয়ে প্রবেশ করেন, যা সরকারি নির্দেশনার ব্যত্যয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেন।
তদন্তে জানা গেছে, মো. আলিফ শরীফ দীর্ঘদিন ধরে সচিবালয়ে প্রবেশের জন্য অবৈধ পাস তৈরির সঙ্গে জড়িত এবং এর আগে বহু ব্যক্তিকে এ ধরনের অবৈধ পাস তৈরিতে সহায়তা করেছেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মো. আলিফ শরীফকে এক মাসের কারাদণ্ড এবং মো. আশিককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধের সঙ্গে সম্পৃক্ত আরও একজনকে শনাক্ত করা হয়। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত মো. দিদারুল আলম। অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকেও মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, সচিবালয়ে অননুমোদিত যানবাহন প্রবেশ রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং টিম তৎপর রয়েছে। স্টিকারবিহীন ও মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএ