চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপে পড়া সেই শিশুটিকে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা যাবৎ অভিযান চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার (২৮ জানুয়ারি) রাত আটটার দিকে সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান।
এর আগে, এদিন বিকেল সাড়ে ৫টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ কদলপুর গ্রামে গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গর্তের নিচে পড়ে যায় ওই শিশু। খবরটি ছড়িয়ে পড়ালে বিপুল মানুষ সেখানে জড়ো হন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রামের ফায়ার সার্ভিসের একটি টিম ভারি যন্ত্রপাতি নিয়ে সেখানে উদ্ধার কাজ পরিচালনা করছে। শিশুটি জীবিত আছে বলে আশা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, উদ্ধার অভিযান চলছে। আমরা ধারণা করছি, শিশুটির বয়স তিন থেকে পাঁচ বছর হবে। খেলতে গিয়ে শিশুটি গভীর নলকূপের জন্য খনন করা একটি গর্তে পড়ে গেছে।
তিনি আরও বলেন, শিশুটি জীবিত আছে কি না সেটা বোঝা যাচ্ছে না। তবে আমরা আশা করছি জীবিত উদ্ধার হবে। এরই মধ্যে গর্তে বাতাস প্রবেশের ব্যবস্থা চালু করেছি।
এফআর