মঞ্চে অপমান ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি অনুষ্ঠানে গিয়ে পারফরম্যান্সের মাঝেই তাকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
জানা গেছে, মিমি চক্রবর্তীর গান থামিয়ে হঠাৎই আয়োজকদের একজন এসে এক প্রকার জোর করেই মঞ্চ থেকে নামিয়ে দেন তাকে। অপমান আর ক্ষোভে ফেটে পড়েন এই নায়িকা। সম্প্রতি ঘটে যাওয়া এমন ঘটনা তুমুল আলোচনার জন্ম দিয়েছে টলি পাড়ায়।
আলো ঝলমলে অনুষ্ঠানের মঞ্চ, সামনে উচ্ছ্বসিত দর্শক-আর ঠিক সেই সময়ই ঘটে গেল এমন এক ঘটনা, যা এখন পশ্চিমবঙ্গে ব্যপক ঝড় তুলেছে। জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিযোগ তুলেছেন, উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফরম্যান্স চলাকালীন তাকে প্রকাশ্যে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে দেরিতে পৌঁছালেও মিমি চক্রবর্তী মঞ্চে উঠে দর্শকদের অভিবাদন জানান। তখনও তাকে দেখার জন্য দর্শকদের ভিড় ছিল। তবে অভিযোগ, পারফরম্যান্স চলাকালীন আয়োজকদের কয়েকজন সদস্য তাকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেন এবং ছবি তুলতে অপেক্ষায় থাকা দর্শকদেরও সরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর মিমি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানান, মঞ্চে এমন অপমান গ্রহণযোগ্য নয়। তিনি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরুর কথা জানা গেছে।
তবে আয়োজকদের দাবি ভিন্ন। তাদের বক্তব্য, চুক্তি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে পৌঁছানোর কথা থাকলেও মিমি আসেন রাত সাড়ে ১১টার পর। এতে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতেই তাকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি।
সময়ের আলো/এনএ