বহু নাটকে একসঙ্গে কাজ করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এই জুটি এবার শুরু করল নতুন অধ্যায়ের গল্প। দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের শুভেচ্ছাদূত হলেন তারা। এখন থেকে স্টেপের জুতার যেকোনো ধরনের প্রমোশনে কাজ করবেন তৌসিফ-তিশা। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের। শুরু থেকেই ব্র্যান্ডটির দর্শন, মূল্যবোধ ও এর পেছনে মানুষদের সঙ্গে আমি একটি গভীর সংযোগ অনুভব করেছি। এটি কেবল কোনো চুক্তিভিত্তিক সম্পর্ক নয়; স্টেপ ফুটওয়্যারকে আমি প্রতিনিধিত্ব করি, কারণ আমি সত্যিই এর মান, সততা ও সম্ভাবনায় বিশ্বাস করি। একটি দেশি ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে স্বাচ্ছন্দ্য, আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্যতার যে প্রতিচ্ছবি স্টেপ তুলে ধরে, তা আমার ব্যক্তিগত জীবনবোধের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সততা ও উচ্চাকাক্সক্ষার সমন্বয়ে স্টেপ ফুটওয়্যার শিগগিরই দেশের অন্যতম শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।’
তিশা বলেন, ‘স্টেপ ফুটওয়্যার একটি আধুনিক, আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্য দেশি ব্র্যান্ড, যার প্রতিটি পণ্যে গুণগত মান ও নান্দনিকতার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত কারণ স্টেপ কেবল ট্রেন্ডি ফ্যাশন নয়, গ্রাহকের স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সততা ও উদ্ভাবনী চিন্তার যে শক্তি স্টেপ ফুটওয়্যারের রয়েছে, তাতে আমার দৃঢ়বিশ্বাস- খুব অল্প সময়ের মধ্যেই তারা দেশের ফুটওয়্যার শিল্পে এক অনন্য ও ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির ও অ্যাড সাইনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম ছিলেন।
এদিকে, তানজিন তিশা ব্যস্ত রয়েছেন সোলজার সিনেমার শুটিং নিয়ে। এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। অন্যদিকে তৌসিফ কাজ করছেন নাটক ও ওটিটি কনটেন্টে।
সময়ের আলো/এনএ