মাগুরায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শালিখা উপজেলা বিএনপির দুই নেতাকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট এবং তার ভাই ও উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সী।
জানা গেছে, শুক্রবার বিএনপি নেতা মনিরুজ্জামানের গ্রামের বাড়ি মুন্সিপাড়া গ্রামে অভিযান চালায় মাগুরা জেলা পুলিশ ও সেনাবাহিনী। এ সময় মনিরুজ্জামান ও তার ভাই যুবদল নেতা নয়নুজ্জামানের হেফাজত থেকে একটি সচল পিস্তল (ফায়ারিং পিনসহ), তিন রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ, একটি ধারালো চায়না চাকু, একটি পুরাতন দেশীয় বড় ছুরি, দুটি গাছি দা, একটি চায়না টিপ চাকু এবং দুটি ভিভো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে তাদেরকে শালিখা থানায় হস্তান্তর করা হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে শালিখা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
এফআর