বান্দরবান পৌর এলাকার একটি ঝিরির পাশে খেলতে গিয়ে পুলিশের লুট হওয়া দুইটি গ্রেনেড উদ্ধার করেছে কয়েকজন শিশু। পরে স্থানীয়দের সহযোগিতায় গ্রেনেড দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান পৌরসভার কাশেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তনিম, তানভিরসহ এলাকার কয়েকজন শিশু ঝিরির পাশে খেলতে যায়। এ সময় ঝিরির পাশে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখতে পায় তারা। কৌতূহলবশত পলিথিনটি খুলে তারা গোলাকার দুইটি বস্তু পায়। পরে স্থানীয়রা এগুলো বাস স্টেশন এলাকায় টহলরত পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া গ্রেনেডগুলো মূলত জনতা বা মব ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবহার করে। ৫ আগস্ট বান্দরবান থানা আক্রান্ত না হওয়ায় এগুলো বান্দরবান পুলিশের নয় বলে ধারণা করা হচ্ছে। এগুলো সম্ভবত অন্য কোনো জেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড হতে পারে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় আসন্ন নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে না। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’