দক্ষিণ ইরানের ফার্স প্রদেশে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা মাত্র ১০ কিলোমিটার, যা স্থানীয়দের মধ্যে কম্পনের অনুভূতি সৃষ্টি করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সময় সকাল ৮ টা ১১ মিনিটে ভূমিকম্পটি ঘটেছে বলে জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র এবং অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি উভয়ই বিষয়টি নিশ্চিত করেছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, উৎপত্তিস্থলের কাছাকাছি অনেকেই কম্পন অনুভব করেছেন। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা বিপর্যয় ঘটেনি। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, ৫.৩ মাত্রার ভূমিকম্পের ফলে সাধারণত জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভাঙার মতো ছোটখাটো ঘটনা ঘটতে পারে।
দক্ষিণ ইরানের এই ভূমিকম্প সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের দ্বারা অনুভূত হয়নি। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, যদিও ভূমিকম্পের সময় স্থানীয় সময় সকাল ৯ টা ১১ মিনিটে কম্পন অনুভূত হওয়ার সম্ভাবনা ছিল, তবে দেশটিতে কোন প্রভাব পড়েনি।
বিশেষজ্ঞরা জানান, সংযুক্ত আরব আমিরাত মূলত বড় কোনো ভূমিকম্প অঞ্চলে অবস্থিত নয়। তবে এটি জাগ্রোস পর্বতমালার নিকটে হওয়ায় মাঝে মাঝে প্রতিবেশী ইরান, ইরাক ও ওমানের ভূমিকম্পের প্রভাব সামান্যভাবে অনুভূত হতে পারে।
উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে দক্ষিণ ইরানে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এছাড়া, ৩ জানুয়ারী মুসান্দামের দক্ষিণে ২.২ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছিল। ২০২৫ সালে ২৮ ডিসেম্বরও মুসান্দামে ২.৯ মাত্রার ভূমিকম্প ঘটে, যা সংযুক্ত আরব আমিরাতে সামান্য কম্পন সৃষ্টি করেছিল, তবে কোনো ক্ষতি হয়নি।
দক্ষিণ ইরান ভূমিকম্পের প্রভাবের মুখোমুখি হলেও সংযুক্ত আরব আমিরাত এতে প্রায় অক্ষত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প আঞ্চলিকভাবে প্রায়ই ঘটে এবং স্থানীয়রা সাধারণত বড় ক্ষতির সম্মুখীন হন না।
/ইউএমএইচ