আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামে নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।
নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার বিষয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের পরিকল্পনা হলো, এটা (ইন্টারনেট) খোলা থাকবে। সচল থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।
তিনি দাবি করেন, ফেসবুকসহ সামাজিক মাধ্যমে বর্তমানে যে মাত্রার স্বাধীনতা দেখা যাচ্ছে, বিগত আমলে তা ছিল না। সবাই স্বাধীনভাবে লিখবেন, মত প্রকাশ করবেন। আগে সাংবাদিকেরাও নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার সাহস পেতেন না। এখন সেই পরিবেশ বদলে গেছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড অনেক পুরোনো শব্দ। কিছু কিছু শব্দ আছে, যেগুলো সব সময় ব্যবহার হয়। কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে ফিল্ড লেভেল না। কিন্তু আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনটা লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে।
এফআর