এবারের নির্বাচনকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর পৌর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ তারিখ দেশের পট পরিবর্তনের নির্বাচন। এ নির্বাচন ১৪শ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন এবং ৩৪ হাজার ছেলে-মেয়েদের পঙ্গুত্ব বরণের নির্বাচন। এ নির্বাচন আয়না ঘরের অন্ধকার ও শহিদ পরিবারগুলোর হাহাকার অবসানের নির্বাচন। অতীতের ৫৪ বছরে যে রাজনীতি ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন। অতএব এ নির্বাচনকে সেই দৃষ্টিকোণ থেকে নিতে হবে।
জামায়াত আমির বলেন, অন্যান্য ধর্মের ভাই-বোনদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট—বাংলাদেশ একটি ফুলের বাগান, এখানে সব ফুলের গাছ দিয়ে আমরা বাগান সাজাবো।
তিনি দাবি করেন বলেন, আমরা ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই। আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না। আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই, মানুষের বিজয় হলে জামায়াতে ইসলামীর বিজয় হবে।
জামায়াতের জামালপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়ালের সঞ্চালনায় সভায় জেলার পাঁচটি আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এফআর