চান্দিনা উপজেলার বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ সংশ্লিষ্টতার’ অভিযোগ করেছেন কুমিল্লা-৭ আসনে দলটির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
তিনি বলেন, ২০১৮ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। তৎকালীন বিএনপি নেতারা আমার বিরোধিতা করে— স্থানীয় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করেছে। তারা প্রকৃত পক্ষে বিএনপি নয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলার মাইজখারে এএমএফ উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
ড. রেদোয়ান আহমেদ বলেন, ২০১৮ সালের নির্বাচনে জনগণকে সচেতন করার জন্য বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। রাতের ভোটে এবং চান্দিনার তৎকালীন বিএনপি নেতাকর্মীদের বিরোধিতায় আমি পরাজিত হই। সেই বিএনপি নেতাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা এখন বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কলস প্রতীক নিয়ে নির্বাচন করছে।
সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, ১৭ বছর আমরা স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। ব্যক্তিগত ভাবে আমি জেল খেটেছি। আমাকে হত্যার চেষ্টা করে আওয়ামী সন্ত্রাসীরা। আমি লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করে আত্মরক্ষা করেছিলাম। অনেকেই আজকাল বড় বড় কথা বলে, কিন্তু তারা সেই আওয়ামী লীগের স্বৈর শাসনের সময় কোথায় ছিল? প্রশ্ন তোলেন তিনি।
প্রসঙ্গত, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন স্বতন্ত্র প্রার্থী হয়ে কলস প্রতীক বরাদ্দ পায়। প্রতীক বরাদ্দের পর ওই দিনই দলের সব পদ থেকে শাওনকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। কয়েকদিন পর উপজেলা বিএনপির সব কমিটিও বিলুপ্ত করা হয়।
এফআর