পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভজনপুরে শ্রমিক ইউনিয়ন গঠন ও শাখা বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রায় ৫ ঘণ্টা পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা।
বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা অবরোধে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় শ্রমিকরা জানান, তেঁতুলিয়া পাথর-বালি লোড-আনলোড লেবার শ্রমিক কল্যাণ ইউনিয়ন (রেজি. নং-২৮৫০) নামে একটি নিবন্ধিত সংগঠন এলাকায় দীর্ঘ ধরে কাজ করছে। কিন্তু সম্প্রতি দেবনগর ইউনিয়নের আসিরুল ইসলাম নামে এক ব্যক্তি একই এলাকায় একটি নতুন শাখা ইউনিয়ন গঠনের উদ্যোগ নিলে মূল ইউনিয়নের শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের দাবি, একটি বৈধ ইউনিয়ন থাকার পর একই এলাকায় আইনগতভাবে পৃথক শাখা গঠনের সুযোগ নেই।
অবরোধে অংশ নেওয়া শ্রমিক ও ইউনিয়নের সভাপতি সৈকত আলী অভিযোগ করেন, আসিরুল ইসলাম ইতিপূর্বেও ইউনিয়নের বোর্ড দেওয়ার কথা বলে শ্রমিকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। বর্তমানে তিনি নতুন শ্রমিকদের প্রলোভন দেখিয়ে আবারও অর্থ আদায়ের চেষ্টা করছেন।
সৈকত আলী বলেন, আসিরুল আমাদের কাছ থেকে বিভিন্ন দফায় প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা এই হয়রানি ও অর্থ আত্মসাতের সুষ্ঠু বিচার চাই।
অবরোধের খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু এবং হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। ইউএনও উভয় পক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সন্ধ্যা ৭টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
ইউএনও আফরোজ শাহিন খসরু গণমাধ্যমকে বলেন, ২৮৫০ রেজিস্ট্রেশনভুক্ত ইউনিয়নের অধীনে যে নতুন শাখার কাগজপত্র জমা দেওয়া হয়েছে, সেখানে কিছু আইনগত ত্রুটি পাওয়া গেছে। এ কারণে আপাতত সেটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে যার কাগজপত্র বৈধ থাকবে, কেবল তারাই কার্যক্রম পরিচালনা করতে পারবে। কোনো অনিয়ম সহ্য করা হবে না।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চন্দ্র রায় জানান, শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের কারণে মহাসড়কে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে এবং প্রশাসনের আশ্বাসে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/আতা