কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজে ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ছয় অফিসার নাবিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা জাহাজটিতে এ ঘটনা ঘটে। জাহাজটির নাম এফভি ‘দেশ ফিশিং’।
দগ্ধরা হলেন, জাহাজের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল, নাবিক ছিদ্দিক আহমেদ।
জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে সমুদ্র থেকে মাছ আহরণ শেষে জাহাজটি কর্ণফুলী নদীর সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় জাহাজে থাকা ছয়জন দগ্ধ হন। পরে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনায় মঙ্গলবার বিকেলে এফভি ‘দেশ ফিশিং’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ (৪২) সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর- ১৩১৬। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দুর্ঘটনার কথা স্বীকার করে নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুনে ৬ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চমেক থেকে ঢাকায় নেয়ার চেষ্টা চলছে।
সময়ের আলো/আতা