প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:১০ এএম
সংগৃহীত ছবিভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মানব পাচারকারী সন্দেহে একজনসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ছয়জনকে আটক করা হয়। তাদের অবৈধভাবে দেশে প্রবেশে সহযোগিতার অভিযোগে ঘটনাস্থল থেকে আরও একজনকে আটক করে বিজিবি।
প্রাথমিকভাবে বিজিবি জানিয়েছে, আটক ছয়জনের মধ্যে দুজন গোপালগঞ্জ এবং চারজন মাদারীপুরের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন।
২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঢাকাপোস্টকে বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ভারতে অবস্থান করে কাজ করছিলেন বলে জানা গেছে। তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের সহযোগিতার অভিযোগে একজন মানব পাচারকারী সন্দেহভাজনকেও আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই