প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:২৩ এএম
প্রতীকী ছবিরাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক সেনেটারি মিস্ত্রি নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সারে ৭টার দিকে কদমতলী জুরাইন নবারন গলিতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে চিকিৎসক পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলি থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে খবর পাই জুরাইন নবারন গলিতে এক ব্যক্তিকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে দুই পায়ের রগ কাটা সহ শরীরের বিভিন্ন জখম অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত সুমন মিলন ওরফে মিন্টুর বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানার চরফতিবাহাদুরপুর গ্রামে। বাবার নাম মৃত আবুল হোসেন মৃধা। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ মোকাম পাড়া মসজিদের পাশে পরিবার নিয়ে নিয়ে ভাড়া থাকতো। পেশায় সেনেটারি মিস্ত্রি ছিল সে।
এসআই জানান, কে বা কারা ওই সেনেটারি মিস্ত্রিকে হত্যা করেছে তা জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সময়ের আলো/কেএইচও