প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:৩১ এএম
হুগোলবাড়িয়ায় নাটোর সুগার মিলসে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সময়ের আলোজাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। কৃষকের স্বার্থ রক্ষা এবং আখের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়ায় নাটোর সুগার মিলসের কেইন ক্যারিয়ার চত্বরে ২০২৬-২৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, প্রধানমন্ত্রী কৃষিবান্ধব। তিনি দেশের কৃষক ও সাধারণ মানুষের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেন। কৃষকদের স্বার্থের কথা চিন্তা করেই সুগার মিলের উন্নয়ন এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্ট মানুষের কল্যাণে কাজ করছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সুগার মিলের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যরাও এ কাজে পাশে থাকবেন। মিল কর্তৃপক্ষকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ ও কৃষক আপনাদের পাশে রয়েছে।
কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে হুইপ বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। দেশের বিপুলসংখ্যক মানুষ কৃষির সঙ্গে জড়িত। তাই কৃষককে বাঁচাতে হবে। আখের দাম বাড়াতে যা যা প্রয়োজন, তা করার উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সদর দপ্তরের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ, নাটোরের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) নূরুল হাই মোহাম্মদ আনাছ, নাটোর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় আখচাষিরা।
সময়ের আলো/জো