গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার ওপর হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে গাইবান্ধা জেলা বিএনপি।
বুধবার (১ জুলাই) জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলটির নেতারা হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং ঘটনাটিকে ‘পরিকল্পিত ও ন্যক্কারজনক’ বলে বর্ণনা করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন এবং পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজার ওপর জামায়াত-শিবিরের কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। বক্তারা দাবি করেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল ওই নেতাদের হত্যা করা এবং এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টি করা।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। বক্তারা আরও বলেন, প্রয়োজনে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মকছুদ। এ ছাড়া বক্তব্য দেন সাদুল্যাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক সাহিদুজ্জামান সরকার শাহীন ও সদস্য সচিব ওয়ালিদ শাকিল।
সময়ের আলো/আতা