আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকাভিত্তিক নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে। এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির নির্বাচনি কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন তিনি। কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল, অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম সরকার এবং অধ্যাপক ড. রইছ উদ্দীন।
দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের সংশ্লিষ্ট এলাকার নির্বাচনি আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয়ভাবে মনোনীত নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। পাশাপাশি নির্বাচনি কার্যক্রম পরিচালনা ও পরিবীক্ষণের কাজও করবেন তারা। এসব কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া, নির্বাচনি কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতেও আলাদা কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি নিজ নিজ এলাকার নির্বাচনি আসনে বিএনপির এমপি প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করবে। ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের এসব কমিটির অনুমোদন দিয়েছেন।
উল্লেখ্য, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিএনপি সমর্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি সংগঠন। সংগঠনটি শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা, গবেষণা এবং শিক্ষা-বান্ধব পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে কাজ করে থাকে।
সময়ের আলো/এসকে/জোআই/