মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫৪ হাজার শিক্ষককে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষককে ৪২ দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার পুল গঠন করা হবে। এ জন্য যোগ্য ও আগ্রহী শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে মাউশির মাধ্যমে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত করার পাশাপাশি শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য পেশাগত মানদণ্ডের ভিত্তিতে অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার পুল গঠন করা হবে।
মাস্টার ট্রেইনার পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা কর্তৃপক্ষের অগ্রায়ণপত্র জমা দিতে হবে। ওই পত্রে আবেদনকারীকে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে ক্লাস নেওয়ার জন্য অনাপত্তি দেওয়ার বিষয়টি উল্লেখ থাকতে হবে।
এ ছাড়া, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা, প্রশিক্ষণ গ্রহণের সনদপত্রসহ সংশ্লিষ্ট প্রমাণক বা অফিস আদেশ জমা দিতে হবে।
আগ্রহী শিক্ষকদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।
আবেদনপ্রক্রিয়ায় কোনো ধরনের কারিগরি সহায়তার প্রয়োজন হলে ০১৩৪৬১৫০৭৯০ নম্বরে ফোন অথবা ([email protected]) ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
সময়ের আলো/এসএকে