ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো কবি জসীম উদ্দীন হল সংসদের উদ্যোগে হলে অ্যাপভিত্তিক (ডিজিটাল) প্রিন্টার মেশিন স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হলটিতে এ মেশিন স্থাপন করে হল সংসদ। এই ডিজিটাল প্রিন্টার মেশিনের উদ্বোধন করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহীন খান ও হল সংসদের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, হলের আবাসিক শিক্ষক বায়েজীদ সুমন, হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মুহাম্মদ ওসমান গণী, সাধারণ সম্পাদক (জিএস) মাসুম আব্দুল্লাহ এবং সাহিত্য সম্পাদক আবু সুফিয়ান।
এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন হল সংসদের সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী বলেন, ডকুমেন্ট প্রিন্ট করার সময় দোকান বন্ধ থাকায় শিক্ষার্থীদের প্রায়ই বিপদে পড়তে হতো। আশা করছি, এই ডিজিটাল প্রিন্টার স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সেই ভোগান্তি আর থাকবে না।
হল সংসদের জিএস মাসুম আব্দুল্লাহ বলেন, আমরা শিক্ষার্থীদের কল্যাণ ও প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের একাডেমিক ও চাকরিসংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট করতে যেন কষ্ট লাঘব হয়, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
হল সংসদের সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বলেন, প্রিন্টের দোকানগুলো সাধারণত রাত ১১টার মধ্যে বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থীরা অনেক সময় অ্যাসাইনমেন্ট বা জরুরি ডকুমেন্ট প্রিন্ট করতে পারে না। সেই প্রয়োজন বিবেচনায় আমরা অ্যাপভিত্তিক ডিজিটাল প্রিন্টার স্থাপন করেছি।
সময়ের আলো/এসকে/