যতই অপপ্রচার হোক না কেন, নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেতুঁলঝোড়া কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘না’ ভোটের পক্ষে প্রচারণা এবং ভোট বর্জনের আহ্বানের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, যারা এখনো নির্বাচন নিয়ে দ্বিধায় রয়েছেন, তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা ওই জায়গা থেকে অনেক কথাই বলছে। তাদের বলছি, যদি সাহস থাকে তাহলে আপনারা দেশে আসুন, আইনের আশ্রয় নিন।
এসময় উপদেষ্টা বলেন, যতই অপপ্রচার হোক না কেন নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই তিনি সব ভোটারদেরকে যথাসময়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ যদি নির্বাচনে কোনোরকম শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত আছে। আজকের মহড়ায় আপনারা দেখেছেন প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে, বডি ক্যামেরার ব্যবহার দেখছেন। ড্রোনের ব্যবহার দেখেছেন, সুরক্ষা ক্যাম্প অ্যাপের ব্যবহার দেখেছেন। তাই এবার যে টেকনিক্যাল বিষয়গুলো রাখা হয়েছে— আমরা আশা করছি, ভোটটা খুব সুষ্ঠুভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে এবং লোকজন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে।
এর আগে, এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মক ভোট কেন্দ্রে নির্বাচনি ব্যবস্থা, ভোট প্রদান, গণনা ও মব তৈরির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দৃশ্য পরিদর্শন করেন।
এসময় মহা-পুলিশ পরিদর্শক বাহারুল আলম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এফআর