আগের রাউন্ডে রিয়াল মাদ্রিদকে বিদায় করে চমক দেখিয়েছে আলবাসেত। সেই ক্লাবের বিপক্ষে সহজ ম্যাচের আশা থাকলেও বাস্তবে রীতিমতো কঠিন পরীক্ষার মুখে পড়ে কাতালানরা। শেষ পর্যন্ত ২-১ গোলের লড়াকু জয় এনেছে হ্যান্সি ফ্লিকের দল। এর মধ্য দিয়ে কোপা দেল রেতে আরেক ধাপ এগিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে ৭২ শতাংশ বল দখল রেখে ম্যাচে আধিপত্য দেখায় বার্সা। ১৬টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখলেও জয় নিশ্চিত করতে শেষ বাঁশি পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে তাদের। বিপরীতে আলবাসেত ৭ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সফরকারীরা। সপ্তম মিনিটে মার্কাস রাশফোর্ডের শট লক্ষ্যে না থাকলেও একের পর এক আক্রমণে চাপ তৈরি করে বার্সা। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। রাশফোর্ড ও ফ্রেংকি ডি ইয়ংয়ের তৈরি করা আক্রমণ থেকে ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। টানা চার ম্যাচে গোল করলেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড।
বিরতির পরও বার্সার দাপট অব্যাহত থাকে। ৫৬ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্দ আরাউহো। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি উরুগুইয়ান ডিফেন্ডারের তৃতীয় গোল। মাঝের সময়ে রবার্ট লেভান্ডফস্কি একাধিক সুযোগ নষ্ট করলে ম্যাচ সহজ হওয়ার সুযোগ হাতছাড়া করে বার্সা।
শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আলবাসেত। ৮৩ মিনিটে তাদের একটি গোল অফসাইডে বাতিল হলেও ৮৭ মিনিটে হাভিয়ের মোরেনো হেডে গোল করে ব্যবধান কমান। এরপর যোগ করা সময়ে ফেররান তোরেসের গোলও অফসাইডের কারণে বাতিল হয়। শেষ মুহূর্তে বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া গোললাইন থেকে দুর্দান্ত সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।
সব চাপ সামলে শেষ পর্যন্ত জয় ধরে রেখেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বার্সেলোনা।
সময়ের আলো/এসকে/